
নরসিংদীর পলাশে শিক্ষার্থীদের মধ্যে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং অধিকার আদায়ে তরুণদের ভূমিকা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ে শান্তিময় যুব সংগঠনের আয়োজনে এবং ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিময় যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. সিয়াম সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান, পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর কবির, পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল কবির এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহফুজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিময় যুব সংগঠনের সদস্য মো সিবলি সাদিক , লিনম, মাহামুলুদ হাসান হৃদয় সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় নারী-পুরুষের সমতা, সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক বৈষম্য ও কুসংস্কার দূরীকরণ, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিরাপত্তা, ভুয়া তথ্য ও গুজব শনাক্তকরণ এবং গণমাধ্যম ব্যবহারে সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং একটি সমতাভিত্তিক, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।