
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি যুবসমাজ। দেশের বিপুল যুবশক্তিকে দক্ষতা, মেধা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কর্মপ্রচেষ্টায় কাজে লাগাতে পারলে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
তারা আরও বলেন, যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সম্ভাবনাকে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করতে হবে। পাশাপাশি যুবসমাজকে সুশৃঙ্খল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর পরিকল্পনা এবং নির্ভুল ডাটাবেজ প্রণয়ন জরুরি। সুপরিকল্পিতভাবে যুবশক্তিকে কাজে লাগানো গেলে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব ঋণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে যোগ্য যুবকদের মধ্যে ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।