‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে পলাশ উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পলাশ উপজেলা সমবায় কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিরাম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল ও উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উন্নয়নের এক শক্তিশালী মাধ্যম। সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব।
তারা আরও বলেন, সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ, সততা ও জবাবদিহির ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে একটি বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি